প্রিন্ট এর তারিখ: ০৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ: ০৮ জুন ২০২৬||
প্রিন্ট এর সময়:
০৭:৪৩ এএম ||
পিএমখালীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার
আব্দুল্লাহ আল ফরহাদ ||
আগামী ১৪ জুন কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আগমনস্থল, সভাস্থল, গুরুত্বপূর্ণ সড়ক এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহ সমন্বিতভাবে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন, টহল বৃদ্ধি, যানবাহন তল্লাশি এবং সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।গত ৭ জুন (রবিবার) বিকেলে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা সভাস্থল এবং আশপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পিএমখালী ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল্লাহ, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. মমতাজুল হক, পিএমখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. শামসুল হক, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহাগ, ইউপি সদস্য জামাল উদ্দিন, নুরুল আবছার, সংরক্ষিত মহিলা সদস্য লুৎফা তাহেরা, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক মমতাজ আহমদ, যুবদলের যুগ্ম-আহ্বায়ক এরশাদ উল্লাহ, শ্রমিক দলের দপ্তর সম্পাদক মনছুর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল্লাহ বলেন, গত কয়েকদিন ধরে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিয়মিতভাবে প্রস্তুতি কার্যক্রম তদারকি করছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রশাসনের গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট। আশা করছি, অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে।স্থানীয়দের মতে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পিএমখালী ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : রকসী সিকদার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ