প্রিন্ট এর তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬||
প্রিন্ট এর সময়:
০৮:০৪ এএম ||
নাফ নদীতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক
টেকনাফ প্রতিনিধি ||
টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।রোববার (১৩ সেপ্টেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)–এর অধীন টেকনাফ বিওপির আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে ইয়াবার একটি চালান প্রবেশ করবে। পরে টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে আনুমানিক ৭০০ গজ উত্তর-পূর্ব দিকে চৌধুরীপাড়া কেকে খালসংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের একপর্যায়ে বেলা আনুমানিক আড়াইটার দিকে একটি হস্তচালিত কাঠের নৌকাযোগে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশকারী সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী কেওড়া বাগানে প্রায় চার ঘণ্টা চিরুনি অভিযান চালানো হয়।এ সময় কেওড়া বাগানের কাদামাটির আনুমানিক আড়াই ফুট গভীরে সুকৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের উত্তর চৌধুরীপাড়া এলাকার জাফর আহমদের ছেলে মো. আয়াছ (৩০) ও মো. রফিক (২৫)।বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। আটক আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : রকসী সিকদার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ