প্রিন্ট এর তারিখ: ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ: ১৮ অক্টোবর ২০২৬||
প্রিন্ট এর সময়:
০৬:২২ পিএম ||
খুরুশকুলে পাহাড় কাটার প্রতিবাদ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
আব্দুল্লাহ আল ফরহাদ ||
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে পাহাড় কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করায় গণমাধ্যমকর্মী আনোয়ার হোছনকে প্রাণনাশের হুমকি, মারধর ও ক্ষতিসাধনের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।আনোয়ার হোছন স্থানীয় দৈনিক কক্সবাজার সংবাদ-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। জিডিতে তিনি উল্লেখ করেন, খুরুশকুল ইউনিয়নের বিভিন্ন স্থানে পাহাড় কাটার ফলে পরিবেশের ক্ষতি এবং পাহাড়ধসের আশঙ্কা তৈরি হওয়ায় গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে পাহাড় কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। পরে ভিডিওটি বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যম, নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।অভিযোগকারীর দাবি, প্রকাশিত ভিডিওতে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। পাহাড় কাটার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করেও উপস্থাপন করা হয়নি। তারপরও ভিডিওটি প্রকাশের পর থেকে কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।জিডিতে আরও অভিযোগ করা হয়, অবৈধ আগ্নেয়াস্ত্রের ছবি প্রকাশ করে তাঁকে ভয় দেখানো হয়েছে। পাশাপাশি মারধর এবং ডাম্পার চাপা দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এসব ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।এ ঘটনায় জিডিতে অভিযুক্ত হিসেবে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন—আবু সুফিয়ান, মো. সামরান ও জিয়াউল প্রকাশ কালাইয়া। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।এদিকে, পাহাড় কাটা পরিবেশ ও জননিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। এ নিয়ে প্রতিবাদ বা সংবাদ প্রকাশের জেরে কোনো গণমাধ্যমকর্মীকে হুমকি দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।অভিযোগের সুষ্ঠু তদন্ত, হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং গণমাধ্যমকর্মী আনোয়ার হোছনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : রকসী সিকদার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ