প্রিন্ট এর তারিখ: ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ: ১৪ নভেম্বর ২০২৬||
প্রিন্ট এর সময়:
০৬:২৯ এএম ||
ছোট মহেশখালী সিপাহির পাড়া বাজারে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল ফরহাদ ||
কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহির পাড়া বাজারের নিরাপত্তা জোরদার, নাইট গার্ড নিয়োগ এবং মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সিপাহির পাড়া বাজার উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী থানার সেকেন্ড অফিসার আবু ইউসুফ ও উপপরিদর্শক (এসআই) সালামত।সভায় বক্তারা বলেন, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে মাদক নির্মূলের বিকল্প নেই। মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।প্রধান অতিথির বক্তব্যে পুলিশের পক্ষ থেকে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মাদকের সঙ্গে জড়িত কাউকে সামাজিক বা রাজনৈতিক পরিচয়ের কারণে ছাড় দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে মাদকসংক্রান্ত অপরাধের তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।বক্তারা আরও বলেন, মাদক কারবারিরা সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের ঘৃণা বা অবহেলা না করে চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।সভায় সিপাহির পাড়া বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নাইট গার্ড নিয়োগের উদ্যোগকে সময়োপযোগী হিসেবে উল্লেখ করা হয়। রাতের বেলায় বাজারের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনসাধারণের সম্পদ রক্ষায় নাইট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।সভায় স্বাগত বক্তব্য দেন সমাজসেবক এনামুল করিম। এ সময় বক্তব্য দেন মাওলানা মোবারক হোসেন, মোহাম্মদ শেফায়েত উল্লাহ সবুজ, আবুবক্কর ছিদ্দিক, মোক্তার মেম্বার, শামসুল আলম, নুরুল আমিন, আবুল হোসাইন, বদিউর রহমান, হাজি আনছার করিম, হাজি আব্দুল মাবুদ সওদাগর, আজগর আলী জামে মসজিদের খতিব এরশাদ উল্লাহ, সমাজসেবক ফরিদুল আলম, সিপাহির জামে মসজিদের ইমাম সাইফুল ইসলাম, সিপাহির পাড়া আজিজিয়া মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল ও সাহাদাত উল্লাহ এবং সিপাহির পাড়া বাজার জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় সিপাহির পাড়া বাজারকে মাদক, অপরাধ ও অনিরাপত্তামুক্ত রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও তরুণ সমাজকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং বাজারের সার্বিক উন্নয়নে বাজার উন্নয়ন কমিটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক : রকসী সিকদার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ