প্রিন্ট এর তারিখ: ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ: ১৬ নভেম্বর ২০২৬||
প্রিন্ট এর সময়:
০৬:৩১ এএম ||
লোহাগাড়ায় অবৈধ ইটভাটার দাপট, উজাড় হচ্ছে বনাঞ্চল-ঝুঁকিতে কৃষি ও জনস্বাস্থ্য
মাইনউদ্দীন ||
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সংরক্ষিত বনাঞ্চল, লোকালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিজমির আশপাশে গড়ে উঠেছে অন্তত ৪০টি ইটভাটা। এর মধ্যে অনুমোদন রয়েছে মাত্র একটির। পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই এসব ভাটার বেশ কয়েকটি ইতোমধ্যে ইট পোড়ানো শুরু করেছে। এতে বনাঞ্চল উজাড়ের পাশাপাশি কৃষিজমির উর্বরতা, পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, ইটভাটার মালিকেরা জ্বালানি হিসেবে বনাঞ্চলের কাঠ এবং ইট তৈরির কাঁচামাল হিসেবে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি বা টপ সয়েল ব্যবহার করছেন। ভাটার কালো ধোঁয়ায় আশপাশের জনবসতি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিজমির পরিবেশ দূষিত হচ্ছে। পাহাড় ও ফসলি জমির মাটি কাটার কারণে প্রাকৃতিক পরিবেশেরও ক্ষতি হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলায় মোট ইটভাটা রয়েছে ৪২৫টি। এর মধ্যে বৈধ ৭৯টি এবং অবৈধ ৩৪৯টি। বৈধ ভাটাগুলোর মধ্যে ৬০টির পরিবেশগত ছাড়পত্র নবায়ন করা হয়নি। পরিবেশসম্মত জিগজ্যাগ, হাইব্রিড হফম্যান ও টানেল কিলন প্রযুক্তির চিমনি রয়েছে ৩৩৩টি ভাটায়।সূত্রের তথ্য অনুযায়ী, লোহাগাড়া উপজেলায় মোট ৪০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র একটির অনুমোদন আছে। ইতোমধ্যে ৩০টি ভাটা চালু হয়েছে, বাকিগুলো চালুর প্রস্তুতি নিচ্ছে।২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, যা ২০১৯ সালে সংশোধিত হয়েছে, অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স থাকা বাধ্যতামূলক। আইন অনুযায়ী পাহাড়, আবাসিক এলাকা, ফসলি জমি ও বনাঞ্চলের নির্দিষ্ট দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এসব বিধিনিষেধ উপেক্ষা করেই লোহাগাড়ায় একাধিক ভাটা পরিচালিত হচ্ছে।এলাকাবাসীর দাবি, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি এবং কার্যকর ব্যবস্থা না থাকায় অবৈধ ভাটাগুলো চালু রয়েছে। ফলে বনাঞ্চলের কাঠ পোড়ানো ও কৃষিজমির টপ সয়েল ব্যবহারের প্রবণতা বন্ধ হচ্ছে না। এতে বনভূমি ও জীববৈচিত্র্যের ক্ষতির পাশাপাশি কৃষিজমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।এর আগে পরিবেশবান্ধব প্রক্রিয়ায় ইটভাটা পরিচালনার নির্দেশনা দিয়ে চট্টগ্রামের ৩৮০টি ভাটার মালিককে সতর্ক করে ‘লাল নোটিশ’ দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে লোহাগাড়ায় একাধিক ভাটায় ইট পোড়ানো অব্যাহত রয়েছে।এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূইয়া বলেন, পদুয়া রেঞ্জের আওতাধীন এলাকায় কোনো ইটভাটায় কাঠ মজুত বা পোড়ানো হলে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনার কোনো সুযোগ নেই। চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ইটভাটার মালিকেরা অবৈধভাবে ভাটা পরিচালনা করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই শর্ত ভঙ্গ করলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক : রকসী সিকদার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ