কক্সবাজার ইউনিটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
“United in Humanity” প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিট যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন করেছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ইউনিট কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট লেভেল অফিসার নাসরিন আকতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের সাবেক সেক্রেটারি মো. আবদুর রহিম, পরিচালক ও হেড অব অপারেশন (PMO) আকরাম আলী খান, পরিচালক (MRRO) সেলিম আহমেদ, হেড অব সাব-অফিস (IFRC) মানিক সাহা এবং ইউনিটের যুব সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্যে চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত একটি দেশ ছিল। ১৯৭৩ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট যেকোনো দুর্যোগে মানবতার সেবায় সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পরিচালক ও হেড অব অপারেশন আকরাম আলী খান বলেন, মানবতার জন্য একসাথে দাঁড়ানোর শক্তিই বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূল প্রেরণা। স্বেচ্ছাসেবা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই একটি মানবিক ও সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
সভাপতির বক্তব্যে নাসরিন আকতার বলেন, রেড ক্রিসেন্টের মাধ্যমে যেকোনো মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক মর্যাদা রক্ষা এবং মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ