ওসি এটিএম শিফাতুল মজুমদারেরনেতৃত্বে ঈদগাঁও থানার বিশেষ অভিযান: জুয়াড়িসহ হত্যা চেষ্টা মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ৯ জন গ্রেফতার
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ এর ধারাবাহিক অপরাধবিরোধী অভিযানে জুয়াড়ি, হত্যা চেষ্টা মামলার আসামি এবং আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মজুমদার এর দিকনির্দেশনায় শনিবার (১০ মে) দিবাগত রাত ও দিনের বিভিন্ন সময়ে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জুয়া, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ওসি এটিএম শিফাতুল মজুমদারের নেতৃত্বে ঈদগাঁও থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ৩টার দিকে থানার এসআই (নিরস্ত্র) সনক কান্তি দাশের নেতৃত্বে একটি আভিযানিক দল ৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটা এলাকার শাহ আলমের বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে অবৈধভাবে জুয়া খেলার সময় হাতেনাতে ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— আবুল কালাম (৪৬), শাহ আলম (৬০), মোহাম্মদ সালাম (৫০), শমসুল আলম (৫৮) ও কামাল হোসেন (৪৬)। তাদের সবার বাড়ি ইসলামাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
এসময় তাদের কাছ থেকে দুই বান্ডিল তাস, জুয়ার হিসাব সংবলিত কাগজপত্র এবং নগদ ২ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’-এর ৪/৫ ধারায় ঈদগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে, গত ৭ মে ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায় আম চুরির প্রতিবাদ করাকে কেন্দ্র করে সামশুল আলম (৫১) নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় জড়িত হত্যা চেষ্টা মামলার এক আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ।
বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার ৪ নম্বর আসামি মো. জাহেদ (২১)কে আটক করা হয়। পুলিশ জানায়, হামলার ঘটনায় ভুক্তভোগীকে ধারালো দা ও লোহার রড দিয়ে গুরুতর আহত করা হয়েছিল।
এছাড়াও একই দিনে পরিচালিত পৃথক অভিযানে আদালতের জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আরও ৩ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— জসিম উদ্দিন (২৬), নুর আবছার (২০) এবং দিদার।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মজুমদার বলেন, “অপরাধ দমনে ঈদগাঁও থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জুয়া, সন্ত্রাস, মাদক ও আইনশৃঙ্খলা বিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ