ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন শুরু হয়েছে রোববার (৭ জুন)। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হয়। প্রথম দিনেই কক্সবাজারের গণমাধ্যম পরিস্থিতি ও সাংবাদিকদের কল্যাণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে সংসদে।
কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব তথ্য জানান।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে বলা হয়, পর্যটন নগরী কক্সবাজার জেলায় বর্তমানে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক মিলিয়ে মোট ৩১টি পত্রিকা প্রকাশিত হচ্ছে।এর মধ্যে নিয়মিত ২৭টি দৈনিক পত্রিকা রয়েছে। উল্লেখযোগ্য দৈনিকগুলোর মধ্যে রয়েছে—চকরী, হিমছড়ি, আজকের কক্সবাজার বার্তা, কক্সবাজার বাণী, ইনানী, সমুদ্রকণ্ঠ, আমাদের কক্সবাজার, বাঁকখালী, দ্য কক্স টুডে, দ্য ডেইলি ট্যুরিস্ট, সাগরদেশ, সকালের কক্সবাজার, কক্সবাজার একাত্তর, রূপালী সৈকত, গণসংযোগ, মেহেদী, কক্সবাজার সংবাদ, সহযাত্রী, আজকের দেশবিদেশ, রূপসীগ্রাম, আপনকণ্ঠ, সৈকত, দৈনন্দিন, সমুদ্রবার্তা ও মায়ের দেশ।
সরকারিভাবে মিডিয়া তালিকাভুক্ত এবং সর্বাধিক প্রচারিত দৈনিক হিসেবে ৮টি পত্রিকা স্থান পেয়েছে। এগুলো হলো—দৈনিক কক্সবাজার, দৈনিক সৈকত, দৈনিক বাঁকখালী, দৈনিক আজকের কক্সবাজার, দৈনিক রূপসী গ্রাম, দৈনিক আজকের দেশ বিদেশ, দৈনিক মেহেদী এবং দৈনিক দৈনন্দিন।
এছাড়া জেলায় ৩টি সাপ্তাহিক পত্রিকা—সাগরকণ্ঠ, দরিয়া নগর ও আলোকিত উখিয়া—এবং একটি মাসিক পত্রিকা ‘কক্সবাজার সৈকত’ প্রকাশিত হচ্ছে।
সংসদে জানানো হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কক্সবাজার জেলার সাংবাদিকদের কল্যাণে এ পর্যন্ত মোট ৭৮ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
এই সহায়তা পেয়েছেন জেলার মোট ১২৩ জন সাংবাদিক ও তাদের পরিবার।
অনুদানগুলো মূলত তিনটি খাতে দেওয়া হয়েছে—চিকিৎসা সহায়তা, অসচ্ছল সাংবাদিকদের আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তি।
তথ্য অনুযায়ী, চিকিৎসাজনিত সহায়তা পেয়েছেন ৭৩ জন সাংবাদিক। আর্থিক সংকটে থাকা ৫০ জন সাংবাদিককে দেওয়া হয়েছে কল্যাণ অনুদান। পাশাপাশি সাংবাদিক পরিবারের মেধাবী এক শিক্ষার্থীকে ২৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
সংসদে উপস্থাপিত এই তথ্য কক্সবাজারের গণমাধ্যমের বর্তমান চিত্র ও সাংবাদিকদের জন্য সরকারি সহায়তার পরিধি স্পষ্ট করেছে।