বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা কিশোর আটক
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্ট করতে এসে মোহাম্মদ সাদ (১৮) নামে এক রোহিঙ্গা কিশোর আটক হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরের মনসুরাবাদ এলাকায় অবস্থিত বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে তাকে আটক করা হয়।
পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই কিশোর পাসপোর্ট করার উদ্দেশ্যে মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের ৬ নম্বর কাউন্টারে আবেদন ফর্ম জমা দেন। পরবর্তীতে তিনি ছবি ও বায়োমেট্রিক (আঙুলের ছাপ) প্রদানের জন্য ১০৩ নম্বর কক্ষে যান। সেখানে দায়িত্বরত কর্মকর্তার কাছে তার আচরণ ও তথ্য সন্দেহজনক মনে হলে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য তাকে উপ-সহকারী পরিচালকের কক্ষে পাঠানো হয়।
কাগজপত্র যাচাই-বাছাইয়ের একপর্যায়ে তিনি যে রোহিঙ্গা নাগরিক, তা কর্মকর্তাদের কাছে প্রমাণিত হয়। বিষয়টি বুঝতে পেরে ওই কিশোর ওয়াশরুমে যাওয়ার কথা বলে কক্ষ থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ১০৫ নম্বর কক্ষে দায়িত্বরত আনসার সদস্য মো. ওয়াহিদুজ্জামান তাৎক্ষণিক তৎপরতায় তাকে ধরে ফেলেন।
আটকের পর চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ওই রোহিঙ্গা কিশোরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরের ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ