টেকনাফে ৫ লাখ ৬০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক গ্রেপ্তার
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মিয়ানমারের পিন্ডিসং জেলার সুলিয়াপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে করিম আলী (৩২) এবং মংডু জেলার দলিয়াপাড়া গ্রামের সৈয়দ হোসেনের ছেলে হাসান আরাফ (৪৪)।
র্যাব-১৫ জানায়, রোববার (২ আগস্ট) রাত ১২টার দিকে র্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি দল টেকনাফ পৌরসভার শাপলা চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা কয়েকজন বিদেশি নাগরিক ইয়াবার বড় একটি চালান নিয়ে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অবস্থান করছে। তারা স্থানীয় মাদক কারবারিদের কাছে ইয়াবাগুলো সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল।
এ তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে র্যাবের একটি দল নাজিরপাড়া এলাকায় ফজল করিমের মাছের ঘেরের দক্ষিণ পাশে ধানের ছড়া খালের কাঁচা রাস্তার ওপর অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়।
পরে তাদের সঙ্গে থাকা দুটি বস্তায় তল্লাশি চালিয়ে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনই নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন। তারা মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে বাংলাদেশি মাদক কারবারিদের কাছে সরবরাহের সঙ্গে জড়িত বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে, গত ১ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-১৫-এর সিপিসি-১ টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ আরও একজন মাদক কারবারিকে আটক করে। ওই ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ আরও জানায়, গত ১০ দিনে তাদের বিভিন্ন অভিযানে প্রায় ৮ লাখ পিস ইয়াবা, ৭৬ দশমিক ২ কেজি গাঁজা, বিভিন্ন মডেলের সাতটি আগ্নেয়াস্ত্র ও ৭৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একই সময়ে অপহৃত দুইজন ভিকটিমকে উদ্ধার এবং মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুই মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ