৫০ হাজার ইয়াবা উদ্ধারে বালুখালী ফাঁড়ির আইসি গোলাম কিবরিয়া পুরস্কৃত
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারে বিশেষ অবদান রাখায় বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এস এম গোলাম কিবরিয়াকে অর্থ পুরস্কার দিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান তাঁর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানসহ পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
সম্প্রতি বালুখালী জোড়া ব্রিজের পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ ছৈয়দুল বশর (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বালুখালী পুলিশ ফাঁড়ি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশায় থাকা আরও দুজন পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দিক থেকে আসা একটি সন্দেহজনক ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। পরে অটোরিকশার চালকের আসনের নিচে রাখা একটি সাদা বস্তা থেকে পাঁচটি কার্টনে থাকা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ এই অভিযানে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে আইসি এস এম গোলাম কিবরিয়াকে জেলা পুলিশের পক্ষ থেকে অর্থ পুরস্কার দেওয়া হয়।
পুলিশের সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তবর্তী বালুখালী এলাকায় মাদক পাচার প্রতিরোধে চেকপোস্ট, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান ও সন্দেহজনক যানবাহনে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে দায়িত্বশীল ও সাহসী ভূমিকার জন্য এস এম গোলাম কিবরিয়ার এই স্বীকৃতি অন্য পুলিশ সদস্যদেরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মাদকমুক্ত সমাজ গঠনে বালুখালী পুলিশ ফাঁড়ির এমন তৎপরতা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ