বিট কর্মকর্তা কামরুল হাসানের গ্রেপ্তারের দাবিতে প্রেমবাজারে মানববন্ধন
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
বিএনপির প্রয়াত নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে বন বিভাগের বিট কর্মকর্তা কামরুল হাসানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত কর্মকর্তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের জলদি রেঞ্জের পুঁইছড়ি বিট কর্মকর্তা কামরুল হাসানের ব্যবহৃত ‘কামরুল হাসান’ নামের ফেসবুক আইডি থেকে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে একটি মন্তব্য করা হয়। সেখানে তাঁকে ‘প্রখ্যাত রাজাকার’ উল্লেখ করে তাঁর বিচার সঠিক হয়েছে বলে মন্তব্য করা হয়। ওই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে একজন প্রয়াত রাজনৈতিক নেতাকে নিয়ে এ ধরনের মন্তব্য জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, সরকারি দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বজ্ঞানহীন আচরণ করলে তার দায় এড়ানোর সুযোগ নেই। এ ঘটনায় শুধু দুঃখ প্রকাশ নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্রুত তাঁকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পুঁইছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দু সবুর, সদস্যসচিব বুরুম রেজা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক নেতা কামাল উদ্দীন, নোমানুল হক চৌধুরী, পুঁইছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাছির উদ্দীন সিকদার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জমির উদ্দীন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দু সমদ, নাছির উদ্দীন বাদশা, সাহাব উদ্দীন, শাজাহান ও আনছার উদ্দীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ