ঈদগাঁও বাসস্ট্যান্ডে কম্পিউটার দোকানের কর্মচারীকে ছুরিকাঘাত, আটক ১
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কম্পিউটার দোকানের কর্মচারীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি কম্পিউটার দোকানে সামান্য বিষয় নিয়ে প্রথমে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে ওই ঘটনার জের ধরে সংঘবদ্ধ একটি দল পুনরায় ঘটনাস্থলে এসে দোকানের কর্মচারী আহমদ নবীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল নামের একজনকে গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সোহেল ইসলামাবাদ ইউনিয়নের ঢালার দোয়ার এলাকার বাসিন্দা বেলাল আহমদের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ